বাড়িখেলাধুলাসমালোচনার জবাব মাঠেই, জোড়া গোলে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

সমালোচনার জবাব মাঠেই, জোড়া গোলে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

টানা সমালোচনা, বয়স নিয়ে কটাক্ষ আর ‘ফুরিয়ে গেছেন’ এমন নানা মন্তব্যে বিদ্ধ হচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সব প্রশ্নের জবাব দিলেন মাঠেই। ৪১ বছর বয়সেও দেখালেন নিজের সামর্থ্যের ঝলক। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে ৫-০ ব্যবধানে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি গড়লেন বিশ্বকাপের নতুন ইতিহাস।

মঙ্গলবার টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই জোয়াও কানসেলোর বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি গড়েন তিনি।
বিশ্বকাপের রেকর্ড ষষ্ঠ আসরে খেলছেন লিওনেল মেসিও। তবে ২০১০ বিশ্বকাপে গোলশূন্য থাকায় টানা ছয় বিশ্বকাপে গোলের এই রেকর্ডটি তার নেই।
বিশ্বমঞ্চে আগের পাঁচ ম্যাচে গোলশূন্য ছিলেন রোনালদো। ইউরো চ্যাম্পিয়নশিপ ধরলে সংখ্যাটা দাঁড়ায় ১০ ম্যাচে। তাই এই গোল যেন সমালোচনার জবাবের পাশাপাশি আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও উপলক্ষ হয়ে ওঠে।
১৭ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে এটি তার ১৪৫তম গোল। আন্তর্জাতিক ফুটবলে যা এখনো সর্বোচ্চ। একই সঙ্গে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০ গোলের মালিকও এখন তিনি। পিছিয়ে পড়েছেন কিংবদন্তি ইউসেবিও, যার গোলসংখ্যা ৯।
প্রথমার্ধেই হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন রোনালদো। গোলরক্ষককে পরাস্ত করেও শেষ মুহূর্তে আবদুকদির খুসানভের ক্লিয়ারেন্সে বঞ্চিত হন তিনি। ৩-০ ব্যবধানে বিরতিতে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার অব্যাহত রাখে পর্তুগাল। ৬০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন উজবেকিস্তানের গোলরক্ষক আবদুবোহিদ নেমাতভ। এবারের বিশ্বকাপে এটি নবম আত্মঘাতী গোল। ম্যাচের ৮৭ মিনিটে রাফায়েল লিয়াও গোল করলে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ইউরোপের দলটির।
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের লক্ষ্যে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলেও কাঙ্ক্ষিত তৃতীয় গোলটি পাননি রোনালদো। তবে জোড়া গোল করে আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার এখন পর্তুগিজ মহাতারকা।
এর আগে এই রেকর্ড ছিল লিওনেল মেসির দখলে। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের সময় আর্জেন্টাইন অধিনায়কের বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। মাত্র এক দিনের ব্যবধানে সেই রেকর্ডও নিজের করে নিলেন রোনালদো।
পুরো ম্যাচেই ছিল পর্তুগালের একচেটিয়া আধিপত্য। বল দখল, আক্রমণ কিংবা সুযোগ সৃষ্টি সব ক্ষেত্রেই এগিয়ে ছিল ইউরোপের দলটি। অন্যদিকে উজবেকিস্তানকে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকতে হয়েছে নিজেদের রক্ষণ সামলাতে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ