বাড়িখেলাধুলাচতুর্থ দিনে জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

চতুর্থ দিনে জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

সিলেট টেস্টের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বাংলাদেশের হাতে। সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের শতরানের জুটিতে একপর্যায়ে কিছুটা শঙ্কা জেগেছিল টাইগার শিবিরে। তবে শেষ বিকেলে স্পিন জাদুতে সেই মেঘ কেটে দিয়েছেন তাইজুল ইসলাম। সালমান ও হাসান আলীকে দ্রুত ফিরিয়ে ম্যাচের পাল্লা আবার স্বাগতিকদের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। জয়ের সুবাস বুকে নিয়ে চতুর্থ দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচের চতুর্থ ইনিংসে বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে আজ মঙ্গলবার (১৯ মে) ৭ উইকেটে ৩১৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। আগামীকাল বুধবার (২০ মে) টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য সফরকারীদের এখনো প্রয়োজন ১২১ রান। অন্যদিকে, ঐতিহাসিক এক জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ৩টি উইকেট।

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে টাইগাররা ৩৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করালে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল সোমবার শেষ বিকেলে ২ ওভার নির্বিঘ্নে পার করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার। তবে আজ চতুর্থ দিনের প্রথম সেশনেই আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজলকে হারিয়ে বিপদে পড়ে তারা। এরপর বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ ৯২ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দলীয় ১৩৩ রানের মাথায় বাবর আজম বিদায় নিলে আবার ধস নামে পাকিস্তানের ইনিংসে। ১৬২ রানের মধ্যে সৌদ শাকিল ও শান মাসুদও সাজঘরে ফেরেন।

ষষ্ঠ উইকেটে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন সালমান আলী ও মোহাম্মদ রিজওয়ান। এই দুজন মিলে যোগ করেন ১৩৪ রান। যখনই ম্যাচটি বাংলাদেশের হাত থেকে ফসকে যাওয়ার উপক্রম হয়েছিল, তখনই ত্রাতা হয়ে আসেন তাইজুল। ৭১ রান করা থিতু হওয়া সালমানকে সরাসরি বোল্ড করে জুটি ভাঙেন তিনি। এরপর উইকেটে আসা হাসান আলীকেও খাতা খোলার আগেই বিদায় করেন এই স্পিনার।

দিন শেষে পাকিস্তানের একমাত্র ভরসা হয়ে ৭৫ রানে অপরাজিত আছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তাঁর সঙ্গে ৮ রানে উইকেটে আছেন সাজিদ খান।

বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এ ছাড়া গতি তারকা নাহিদ রানা দুটি এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১টি উইকেট। শেষ দিনে দ্রুত বাকি ৩ উইকেট তুলে নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় বাংলাদেশ।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ