বাংলাদেশের রাজনৈতিক নেতা তারেক রহমান-কে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, “মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”
তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনার মাধ্যমে সময় কাটিয়েছেন।
মোদি আরও বলেন, ঈদুল ফিতরের এই উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।
চিঠিতে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান-কে টেলিফোনে অভিনন্দন জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।
