বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
No menu items!
বাড়িক্যারিয়ারপাঁচ লাখ সরকারি চাকরি দেবে সরকার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

পাঁচ লাখ সরকারি চাকরি দেবে সরকার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে।
তিনি আরও জানান, হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনা এবং দেশে PayPal-এর কার্যক্রম চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারের আলোকে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ১২৯ জনকে ভাতা দেওয়া হয়েছে। এছাড়া ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপান-গামী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে ঋণপ্রাপ্তি সহজ করা হয়েছে। সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া-এর শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টারা চলতি মাসে মালয়েশিয়া সফর করেছেন, যা বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম করবে।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, সমুদ্রসম্পদ ও সুনীল অর্থনীতির উন্নয়নে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। এ খাতে ভারসাম্য বজায় রাখতে ২০২৬-২৭ অর্থবছরে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশে ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন প্রাথমিক শিক্ষক কর্মরত রয়েছেন এবং তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইতোমধ্যে ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় বাকি শিক্ষকদেরও ইংরেজি প্রশিক্ষণের আওতায় আনা হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ