ইরানের উপকূলীয় বুশেহর প্রদেশে একটি ‘শত্রু বিমান’ ধ্বংস করার দাবি করেছে দেশটির গণমাধ্যম। একই সময়ে হরমুজ প্রণালির কাছে কয়েকটি জাহাজের দিকে সতর্ক গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, বুশেহর প্রদেশের জাম কাউন্টিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি শত্রু বিমান ভূপাতিত করেছে। জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি বলেন, “আজ রাতে ঘটে যাওয়া ঘটনাটি একটি শত্রু বিমান ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, গত এক ঘণ্টার মধ্যেই এই প্রতিরোধ অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে চারটি জাহাজের দিকে সতর্ক গুলি ছুড়েছে ইরানি সশস্ত্র বাহিনী। টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় বলা হয়, জাহাজগুলো প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
তবে ইরানি গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি বিমান ভূপাতিত হওয়ার যে দাবি ছড়িয়ে পড়েছে, তা সরাসরি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, “কোনো মার্কিন বিমান ভূপাতিত হয়নি। যুক্তরাষ্ট্রের সব বিমান নিরাপদ রয়েছে।”
সম্প্রতি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। নতুন করে ইরানে দুই দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে।
