একদিকে ইতিহাস, অন্যদিকে আক্ষেপ লিওনেল মেসি-এর জন্য রাতটি ছিল আবেগে ভরা কিন্তু শেষটা হতাশার। ক্যারিয়ারের ৯০০তম গোল করে অনন্য উচ্চতায় পৌঁছালেও ইন্টার মায়ামি-কে বিদায় নিতে হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে।
নাশভিলের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যাচটি ১-১ ড্র হয়। তবে দুই লেগ মিলিয়ে সমতায় থাকার পর অ্যাওয়ে গোল নিয়মে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে যায় নাশভিল এসসি। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই গোল করে ইতিহাস গড়েন মেসি। ক্লাব ও দেশের হয়ে মিলিয়ে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন সুপারস্টার, যেখানে আগে থেকেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও দ্বিতীয় গোলের দেখা পায়নি মায়ামি। দ্বিতীয়ার্ধে নাটকীয় পরিস্থিতিতে সমতা ফেরায় নাশভিল। একাধিক ব্লক ও রিবাউন্ডের পর বল পেয়ে জালে জড়ান ক্রিস্তিয়ান এসপিনোজা, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই ড্র-ই যথেষ্ট ছিল নাশভিলের জন্য, কারণ প্রথম লেগের ফল মিলিয়ে অ্যাওয়ে গোল সুবিধায় তারা এগিয়ে যায়। ফলে মেসির ব্যক্তিগত অর্জনের রাতই শেষ পর্যন্ত দলগত ব্যর্থতায় রূপ নেয়।
