উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬-এর তারিখ ঘোষণা করেছে সরকার। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের এইচএসসি পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে মূল্যায়ন পদ্ধতিতে আরও সমতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
