চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) সারা দেশে একযোগে শুরু হয়েছে। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।
প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম দিনে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অনুপস্থিতদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৯০ জন, মাদ্রাসা বোর্ডে ১১ হাজার ২১১ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৩০৭ জন। বহিষ্কৃতদের মধ্যে সাধারণ বোর্ডে ২ জন এবং মাদ্রাসা বোর্ডে ৪ জন পরীক্ষার্থী রয়েছে। কারিগরি বোর্ডে একজন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নেয়, যেখানে অনুপস্থিতির হার ১ দশমিক ৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন অংশগ্রহণ করে, অনুপস্থিতির হার ৪ দশমিক ৪০ শতাংশ। কারিগরি বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ জনের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন পরীক্ষায় অংশ নেয়, যেখানে অনুপস্থিতির হার ১ দশমিক ৯৩ শতাংশ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, বিদেশের ৯টি কেন্দ্র বাদে দেশের মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “বিগত বছরগুলোর তুলনায় এবারের পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।”
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, যার মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।
