বাড়িক্যাম্পাসএসএসসি ও সমমানের ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ২০ জুলাই

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। ২০২৭ সাল থেকে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে এবং সংশোধিত নতুন কারিকুলাম ২০২৮ সালে বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, শিক্ষার মানোন্নয়ন ও যুগোপযোগী পাঠক্রম প্রণয়নের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। বর্তমানে ব্যবহারিক পরীক্ষা চলমান রয়েছে। এবার দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ