সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে একজনের হাম নিশ্চিত ছিল এবং বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এদের মধ্যে ঢাকায় ৬ জন, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৯৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ২৯০ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭৬ জন, যার মধ্যে ১৫৭ জনই ঢাকা বিভাগের।
এই সময়ে হাসপাতাল ছেড়েছে ৯৩৫ শিশু। এর মধ্যে ঢাকায় ২৫৮ জন, খুলনায় ৭৯ জন, ময়মনসিংহে ৯ জন, রাজশাহীতে ৮৯ জন, রংপুরে ১৩ জন, সিলেটে ২৬ জন এবং বরিশালে ৫০ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১৬৪ জনের।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ১২৯ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৭৬ জন।
অন্যদিকে, একই সময় পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১১ হাজার ৬৫২ জন। এর মধ্যে ৯ হাজার ৩০৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
