গাজীপুরে পুলিশের হেফাজতে থাকা ডাকাতি মামলার এক আসামি আদালতে হাজির করার প্রস্তুতিকালে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে গাজীপুর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও তাকে আটক করা যায়নি। পলাতক আসামিকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। একই সঙ্গে কীভাবে পুলিশের হেফাজত থেকে আসামি পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকা থেকে সম্রাট নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম দুলাল। বাড়ি জামালপুর জেলায়। গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
সোমবার দুপুর প্রায় ২টার দিকে আদালতে হাজির করার জন্য গারদখানা থেকে বের করার সময় সম্রাট কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া দেন এবং আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় অভিযান চালান। তবে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “আসামি সম্রাটকে আদালতে পাঠানোর প্রস্তুতিকালে সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায়। তার হাত চিকন হওয়ায় সে এ সুযোগ নিতে পেরেছে। তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। একই সঙ্গে কীভাবে পুলিশের হেফাজত থেকে সে পালাতে সক্ষম হলো, সেটিও বিভাগীয়ভাবে তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুতই তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হবে।”
