ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইলে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক সানভী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে উপার্জিত অর্থ ব্যয় করে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীদের কষ্ট লাঘবে সহায়তার হাত বাড়িয়েছেন।
বৃহস্পতিবার সকালে প্রায় ৫১ হাজার টাকা ব্যয়ে হাসপাতালটিতে একাধিক ফ্যান প্রদান করেন তিনি। পরে সেগুলো বিভিন্ন ওয়ার্ডে স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ফ্যানের অভাবে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি ছিল চরমে। বিশেষ করে তীব্র গরমে হাসপাতালের পরিবেশ হয়ে উঠেছিল অসহনীয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ফ্যান স্থাপনের পর ওয়ার্ডগুলোতে স্বস্তি ফিরে এসেছে। রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
সানভী বর্তমানে এটিএন নিউজ ও দৈনিক মানব কণ্ঠ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি হিসেবে কর্মরত। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। তার ব্যক্তিগত ফেসবুক পেইজ থেকে উপার্জিত অর্থ সঞ্চয় করেই এই উদ্যোগ বাস্তবায়ন করেন।
এ বিষয়ে সানভী বলেন, “মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সামাজিক মাধ্যম থেকে অর্জিত আয় মানুষের কল্যাণে ব্যয় করতে পারলে ভালো লাগে।”
স্থানীয় বাসিন্দা ও শ্রমিক দলের নেতা মো. আমিনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সানভীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, ব্যক্তিগত উদ্যোগে এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে।
সচেতন মহল বলছে, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে অনেক সমস্যার সমাধান সহজেই সম্ভব। সাংবাদিক সানভীর এই উদ্যোগ তাই শুধু একটি সহায়তাই নয়, বরং মানবিক সমাজ গঠনের অনুপ্রেরণাও।
