গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় এক শিক্ষার্থীর মরদেহ।
নিহতরা হলেন,সুবর্ণা (১৬), গোসিংগা হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং মারজিয়া আক্তার মীম (১৬), গোসিংগা দাখিল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দাদীর সঙ্গে নদীতে গোসল করতে নামে সুবর্ণা ও মীমসহ কয়েকজন। তাদের কেউই সাঁতার জানত না। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর গভীর পানিতে তলিয়ে যায় দুই বান্ধবী। বিষয়টি বুঝতে পেরে সুবর্ণার ছোট বোন বাড়িতে খবর দিলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা পর সুবর্ণাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মীম নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টার দিকে মীমের মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নুরুল করিম বলেন, স্থানীয়রা প্রথমে একজনের মরদেহ উদ্ধার করলেও পরে ডুবুরি দল তল্লাশি চালিয়ে অপরজনের মরদেহ উদ্ধার করে।
দুই মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
