কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে গেলে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় সাতজন নিহত হন এবং ছয়জন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ওসি ইকবাল বাহার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
