ইমরুল হাসান বাবু, টাঙ্গাইল:
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রোববার (৩ মে) দুপুরে শহরের বটতলায় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল। আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যম রাষ্ট্র, সমাজ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ পরিবেশনের ক্ষেত্র যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। গুজব, বিভ্রান্তি ও অপতথ্য প্রতিরোধে তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা এখন সময়ের দাবি।
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতার বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। এজন্য সরকার, প্রশাসন, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ও ডেইলি অবজারভারের সাংবাদিক সাজ্জাদ হোসেন লিংকন, আনোয়ার হোসেন নয়ন, রুহুল আমীন এবং আবু কাওছার প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি সাংবাদিকদের দায়িত্ব, অধিকার ও পেশাগত মর্যাদা পুনরায় স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
