ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইলের বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়িতে নাজমা আলম নাজু (৫১) নামে এক মধ্যবয়সী নারী নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।
নিহত নাজমা আলম নাজু ওই এলাকার বাসিন্দা এবং শফিউল আলম শাহীনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির ভেতরে নাজমা আলম নাজুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, নাজমা আলম নাজুকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
