খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালটির ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজের ১৭ তলা ভবনের একটি অংশে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর খুলনা সদর ফায়ার স্টেশনের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের পর হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন এবং হাসপাতাল কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এর উৎপত্তিস্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
