বাড়িলিড নিউজকক্সবাজারে প্রথম সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে ৮ কর্মসূচি

কক্সবাজারে প্রথম সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে ৮ কর্মসূচি

পর্যটননগরী কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজারে আসবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম কক্সবাজার সফর। সফরকে ঘিরে ইতোমধ্যে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী অন্তত আটটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে পারেন। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, খাল খনন কার্যক্রমের সূচনা, জনসভায় বক্তব্য প্রদান, শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকালে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি পার্ক এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। একই দিনে একটি খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে।
এরপর চকরিয়ার কোনাখালী এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবন ‘সাঈদ ম্যানশন’-এ মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চকরিয়া উপজেলা থেকে পৃথক হওয়া নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে সড়কপথে কক্সবাজার শহরে ফিরে রাতযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা।
এদিকে সফরকে সফল করতে ১২ জুন কক্সবাজারে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি তদারকির জন্য তিনি দুই দিন আগেই কক্সবাজার সফর করবেন।
সফর উপলক্ষে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক, চকরিয়া পৌর বাস টার্মিনাল, কোনাখালীর বটতলী এবং পেকুয়া সদর এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শনকালে জনসভা ও অন্যান্য কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন জ্যেষ্ঠ সচিব।
এ ছাড়া কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল খনন কর্মসূচিও প্রধানমন্ত্রীর সফরসূচিতে যুক্ত হতে পারে বলে জানা গেছে। শুক্রবার পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল খাল এলাকা পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত। সফর সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।”

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ