ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায়। ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ত্রুটি দেখা দিলে তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে কয়েকজন পথচারী বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ও ট্রান্সফরমার দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
