বাড়িজাতীয়অল্পের জন্য রক্ষা ৩৭ যাত্রীর প্রাণ, পদ্মায় ডুবে গেল ঢাকাগামী বাস

অল্পের জন্য রক্ষা ৩৭ যাত্রীর প্রাণ, পদ্মায় ডুবে গেল ঢাকাগামী বাস

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাসটির ৩৭ যাত্রী। শেষ মুহূর্তে বাস থেকে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন যাত্রী রাফা।

শুক্রবার (৫ জুন) সকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে ফেরিতে ওঠার আগে যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা যাত্রী রাফা বলেন, “অনেক যাত্রী আগেই নেমে গিয়েছিল। আমি শেষের দিকে ছিলাম। নামতে চাইনি, কিন্তু বাবা বলায় নামতে শুরু করি। আমি যখন পা দিয়ে নামছি, তখন বাসটি স্টার্ট করে। সামনে একটি মোটরসাইকেল আসছিল। সেটিকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক করেন। এরপর ব্রেক কাজ না করায় বাসটি দ্রুত ফেরির ঢালা ভেঙে নদীতে পড়ে যায়।”
নৌপুলিশ ও রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি নদীতে ডুবে যাওয়ার পর চালক ও হেলপারকে দ্রুত উদ্ধার করে দৌলতদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তারা আহত হলেও শঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার পর ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টার দিকে নদীর তলদেশ থেকে বাসটি টেনে তোলা সম্ভব হয়।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানান, ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা থাকবেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার আগে সবাই বাস থেকে নেমে গিয়েছিলেন। বাসের ভেতরে শুধু চালক ও হেলপার ছিলেন। তাদেরও দ্রুত উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, এটি স্বস্তির বিষয়।”
তিনি জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীদের তাৎক্ষণিক তৎপরতার প্রশংসা করেন। একই সঙ্গে জানান, ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন এবং উদ্ধার কার্যক্রমের অগ্রগতিও পর্যবেক্ষণ করেছেন।
দৌলতদিয়া ফেরিঘাটে এ ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার তৎপরতা ও যাত্রীদের আগেই বাস থেকে নামিয়ে দেওয়ার কারণে একটি বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ