রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-ও অংশ নেন। তারা পাশাপাশি নামাজ আদায় করেন।
ঈদের এই প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মীর শাহে আলম এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জামাতে অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে নামাজ শেষে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে জাতীয় ঈদগাহ ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় প্রটোকলের মধ্যেই সহধর্মিণীকে পাশে নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
জানা গেছে, ঈদগাহ ময়দান থেকে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালানোর দৃশ্য উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দেয়। নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই তিনি সরাসরি বাসভবনে পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
