গাজীপুরের শ্রীপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, শিক্ষা বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)-এর সাধারণ সম্পাদক সজিব শাহরিয়ারের সঞ্চালনায় এবং সভাপতি মো. সজিব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অষ্টম শ্রেণি, নবম-দশম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক এই তিনটি ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৫৩ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাও দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে দেশের উন্নয়ন ও নেতৃত্বে আজকের শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করবে।”
ঊষার সাধারণ সম্পাদক সজিব শাহরিয়ার জানান, গত ১ মে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রায় ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিবছরের মতো এবারও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির চর্চা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে ঊষা প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
