শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় তারা রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়ে যান। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক থেকে সরে যান তারা। এরপর শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, “রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের কষ্ট চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে আমাদের এক দফা দাবি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”
তিনি আরও জানান, বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার এইচএসসি পরীক্ষা শেষে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দেন। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা ৬টায় মোড় অবরোধ করেন। এতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেদিন রাতেই তারা নতুন কর্মসূচি ঘোষণা করে জানিয়ে দেন, দাবি পূরণ না হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন।
