মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকা থেকে দুদুল মিয়ার মেয়ে আতিকা (৮) নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চাওয়া হয়।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে উত্তেজিত এলাকাবাসী গণধোলাই দেয়। এতে পান্নু মিয়া (৩৮) ও মোহাম্মদ রনি (২৪) নিহত হন। মারধরের পর তাদের পানিতে ফেলে রাখা হয় বলে জানা গেছে। এ ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, বিকেলে একটি শিশু নিখোঁজ হওয়ার পর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্দেহভাজনদের গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে দুইজন নিহত ও একজন আহত হন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
