স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহ্বান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ ফুটবল টুর্নামেন্ট। অনুষ্ঠানে ফুটবল, বিনোদন এবং সামাজিক অন্তর্ভুক্তির সমন্বয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মির্জা ফখরুল বলেন, তরুণ সমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে মূলধারার ক্রীড়ায় সম্পৃক্ত করার উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সুস্থ প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হয়। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্নদের বিভাগেও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উভয় বিভাগের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। তাঁর এ ঘোষণায় উপস্থিত খেলোয়াড়, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর মূল লক্ষ্য।
