টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কলিম উদ্দিন আহমেদ জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রী কলিম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিন দিন আগেই আবহাওয়া প্রতিবেদনের ভিত্তিতে সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে।
হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা ও ক্ষতিকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, সংসদ অধিবেশন শুরুর আগেও তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী আরও জানান, হাওরের তিনটি জেলার পাশাপাশি ময়মনসিংহের কিছু অঞ্চলও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে বের করে আগামী তিন মাস সরকারি সহায়তা প্রদান করা হবে।
