কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ২৫ মণ ওজনের বিশাল আকৃতির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৯ লাখ টাকা দাম হাঁকা এই মহিষ কিনলে সঙ্গে উপহার হিসেবে একটি ছাগলও দেওয়া হবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। ব্যতিক্রমী গড়নের কারণে মহিষটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো মানুষ।
সোমবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটিকে রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয়। পরে সেটিকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়।
খামার সূত্র জানায়, ‘এলভিনো’ জাতের মহিষটিকে আগে গোসল করিয়ে বিশেষভাবে সাজানো হয়। এরপর রাজকীয় পোশাক পরিয়ে লাল গালিচার ওপর দিয়ে হাঁটিয়ে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। এ সময় রঙিন ধোঁয়া ও বিশেষ সাজসজ্জার আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।
খামার সংশ্লিষ্ট অনেকেই আবেগঘন পরিবেশে মহিষটিকে বিদায় জানান। অন্যদিকে কেরানীগঞ্জে নিয়ে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা সামির ও তার স্বজনরা।
জানা গেছে, মহিষটির সাদা লোম ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর মতো হওয়ায় মজার ছলে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে এটি দ্রুত ভাইরাল হয়ে ওঠে।
প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি ছয় থেকে সাত মাস আগে কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকার বাসিন্দা সামির কিনে নেন। এরপর থেকেই এটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। শুধু তরুণরাই নয়, নারী ও শিশুরাও মহিষটি দেখতে ভিড় করছেন। খামার কর্তৃপক্ষের দাবি, বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা এসেছেন।
ভাইরাল এ মহিষটি আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয় দর্শনার্থী রানা আহমেদ বলেন, “ভাইরাল হওয়ার পর থেকেই মহিষটি নিয়ে মানুষের আগ্রহ ছিল। এখন কেরানীগঞ্জে আসায় স্থানীয়দের মধ্যে আরও উৎসাহ বেড়েছে।”
মহিষটির বর্তমান মালিক সামির বলেন, “অনেক আগে মহিষটি কিনেছিলাম। পরে হঠাৎ এটি ভাইরাল হয়ে যায়। এখন প্রতিদিনই এলাকার মানুষ একনজর দেখতে বাড়িতে আসছেন।”
