বাড়িক্যাম্পাসব্লকেডের মধ্যেই ডুয়েটে ভিসির প্রবেশচেষ্টা, ফের উত্তেজনা

ব্লকেডের মধ্যেই ডুয়েটে ভিসির প্রবেশচেষ্টা, ফের উত্তেজনা

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার (১৯ মে) ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দিলে কার্যত অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম।

আন্দোলনের পঞ্চম দিনে শিক্ষার্থীদের ঘোষিত ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিন চলাকালে নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ফিরে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের দাবির প্রতি কোনো গুরুত্ব না দিয়েই প্রশাসন নতুন উপাচার্যকে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। উপাচার্যের আগমনের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং পরে ক্যাম্পাসের সব গেট বন্ধ করে দেন। একই সঙ্গে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রবেশ করতে গেলে নিরাপত্তার স্বার্থে তিনি পুলিশের সহায়তা নেন। তবে তার উপস্থিতিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে গত রোববার ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই রাতেই আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ মে ড. মোহাম্মদ ইকবাল-কে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন, যা পরবর্তীতে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে রূপ নেয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ