বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ জুন বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের অনুশীলন ম্যাচ এবং বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে নির্ধারিত তারিখগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়ক সকল ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
যান চলাচলে সাময়িক এ পরিবর্তনের কারণে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার।
