প্রধানমন্ত্রী তারেক রহমান এর গাজীপুর সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতিতে সাজ সাজ রব বিরাজ করছে মহানগরীজুড়ে। সফর উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে সফিপুর, গাছা ও টঙ্গীসহ বিভিন্ন এলাকা।
প্রধানমন্ত্রীর সফরের মূল আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। আজ বুধবার সকালে সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী গাছা এলাকায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় তিনি ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ধরনের বিশেষায়িত ইনস্টিটিউট দেশে এটিই প্রথম। এটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, গাজীপুরের সঙ্গে তারেক রহমানের পরিবারের রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক ও আবেগঘন সম্পর্ক। ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে ঢাকা জেলা থেকে পৃথক করে নতুন মহকুমা হিসেবে ঘোষণা দেন এবং নিজেই মহকুমা ভবনের উদ্বোধন করেন। সেই সিদ্ধান্তের কারণে গাজীপুরের মানুষের হৃদয়ে তাদের পরিবারের প্রতি বিশেষ আবেগ ও কৃতজ্ঞতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাজীপুর মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ উপলক্ষে মহানগর পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরী আইন-২০১৮ এর ২৯ ও ৩১ ধারার ক্ষমতাবলে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা ও মাঝিপাড়াসহ গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া ও নিশাত হাউজিং এলাকায় নতুন কোনো ব্যক্তি স্থায়ী বা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে পারবেন না।
একই সঙ্গে ওইসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক বা অনুরূপ দ্রব্য বহন এবং ড্রোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সফর সফল করতে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
