জাতীয় দলের সাবেক ক্রিকেটার Nasir Hossain ও তার স্ত্রী Tamima Sultana Tammiর বিরুদ্ধে করা বহুল আলোচিত মামলার রায় আজ বুধবার (১০ জুন) ঘোষণা করা হবে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক Jashita Islam এ রায় ঘোষণা করবেন। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন।
এ ঘটনায় একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী Rakib Hasan আদালতে মামলা দায়ের করেন।
পরে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।
দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। সেদিন বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে, অন্যদিকে আসামিপক্ষ খালাস প্রার্থনা করে। শুনানি শেষে আদালত ১০ জুন রায়ের তারিখ নির্ধারণ করেন।
প্রচলিত আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
