দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে দেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু এবং তাদের মধ্যে জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যাচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে হাম প্রতিরোধ সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এদিকে হামের বিস্তার ঠেকাতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ।
