বাড়িরাজধানীদক্ষতাভিত্তিক শিক্ষার বিকল্প নেই, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

দক্ষতাভিত্তিক শিক্ষার বিকল্প নেই, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে সক্ষমতা অর্জনের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।

রোববার (৭ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি সম্মান জানাতে হলে একটি আধুনিক, দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ জাতি গড়ে তুলতে হবে। শিক্ষা ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় সার্টিফিকেটনির্ভর শিক্ষার সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে অনেক প্রচলিত পেশা বিলুপ্ত হচ্ছে, আবার নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। তাই বাস্তবভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।
তিনি জানান, বর্তমান সরকার প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার কারিকুলামকে প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার বিষয়টিকে সময়ের দাবি বলে উল্লেখ করেন।
শিক্ষিত বেকারত্ব কমাতে এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভাগীয় শহরগুলোতে সিড ফান্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার সময়ই কর্মদক্ষতা অর্জন করতে পারলে চাকরির জন্য অপেক্ষা না করে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক ও নৈতিক শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী তরুণদের বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার আহ্বান জানান। একই সঙ্গে একটি সমৃদ্ধ, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ