টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবাহী একটি পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মুরগিবাহী পিকআপটি। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় শনাক্ত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নিহতদের স্বজনরা থানায় পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
