শিশুদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হতে হবে। তাহলেই একটি সুন্দর, শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মেসি, রোনালদো কিংবা এমবাপ্পের মতো বিশ্বমানের খেলোয়াড় এ দেশের শিশুদের মধ্য থেকেই উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার শিশুদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলাতেও বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচিত করে তুলতে হবে। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। কেউ গান করতে চাইলে, ছবি আঁকতে চাইলে কিংবা কোরআন তেলাওয়াত শিখতে চাইলে তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
তিনি জানান, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ চালু করা হবে। দেশের প্রতিনিধি ও অ্যাম্বাসেডর হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
এদিন রাজশাহী বিভাগের পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে প্রমিলা ফুটবলারদের নৈপুণ্যে মুগ্ধ হন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।
পরে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়।
