বাড়িরাজধানীএকদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বৃক্ষরোপণ কর্মসূচি ও...

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প

একদিনের সরকারি সফরে আগামীকাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম কক্সবাজার সফর। সফরকালে তিনি পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার (১২ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন। সেখানে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। একইসঙ্গে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় স্থানীয় বিশিষ্টজনদের নিয়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের গুরুত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়কও পরিদর্শন করবেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।
সব কর্মসূচি শেষে শনিবার রাতেই বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কক্সবাজার ও চকরিয়া এলাকায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ