এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১ দশমিক ০০০৫ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণ পাওয়ার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এডিবির ঋণের অর্থ দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারে যুক্ত হওয়ায় রিজার্ভে এ প্রবৃদ্ধি দেখা গেছে। সাম্প্রতিক সময়ে রপ্তানি আয়, প্রবাসী আয় এবং বৈদেশিক ঋণ সহায়তার প্রবাহ রিজার্ভকে শক্তিশালী রাখতে সহায়তা করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনীতির চলমান অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারের চাপের মধ্যেও দেশের রিজার্ভ সন্তোষজনক অবস্থানে রয়েছে। এটি বহিঃখাতের স্থিতিশীলতা এবং আমদানি ব্যয় মেটানোর সক্ষমতার ইতিবাচক বার্তা দিচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, রিজার্ভের ধারাবাহিক উন্নতি দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় আস্থা বাড়াবে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছেও অর্থনীতির স্থিতিশীলতার বার্তা পৌঁছে দেবে।
