স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট’ নীতিতে বিশ্বাস করে। ভালো কাজের জন্য স্বীকৃতি এবং মন্দ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকবে। ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’— এ নীতিই সরকার বাস্তবে প্রয়োগ করছে।
সোমবার (৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সম্পর্কে চূড়ান্ত মূল্যায়ন করবে জনগণ। তবে সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছে বলে তিনি মনে করেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের উৎসাহিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতিবিষয়ক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, টিআইবি কোনো সরকারি সংস্থা নয়। প্রকৃত চিত্র জানতে পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য পর্যালোচনার আহ্বান জানান তিনি। পরে জনগণই এ বিষয়ে বিচার করবে বলেও উল্লেখ করেন।
মন্ত্রী দাবি করেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে তাদের ভালো কাজের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে।
তিনি জানান, রাজধানীর আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণরক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের জবাবদিহিতা নিশ্চিত করেই সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি বাস্তবায়ন করতে চায়।
