ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারা দেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এ কারণে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সরকার আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি এলাকার সংসদ সদস্যসহ সব পর্যায়ের জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকার বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। নিয়মিত এ কার্যক্রম চালু থাকলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে।
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ সবাই সচেতন হলে এসব রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড়ে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে জনস্বাস্থ্যবিদরা মনে করছেন।
তিনি জানান, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার হতে পারে। তাই ড্রেন, ডোবা, নর্দমাসহ যেখানে পানি জমে থাকার সুযোগ রয়েছে সেসব জায়গা পরিষ্কার রাখা জরুরি।
এছাড়া ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা কিংবা বাড়ির ছাদে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখারও পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল কথা হচ্ছে—‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই কোথাও ময়লা পানি জমে থাকতে দেওয়া যাবে না। নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশাবাহিত রোগ থেকে নিজেদের এবং অন্যদের রক্ষা করতে হবে।
সূত্র: বাসস
