কৃষকদের জন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আর্থিক সহায়তা পাবেন।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতি মানুষের জন্য। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, প্রতি বছর বাজেট ঘোষণার পর সাধারণত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তবে এবারের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। ট্যাক্স কমানো এবং মদ ও সিগারেটের দাম বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হলেও বিরোধী দল সেই বাজেটেরও সমালোচনা করছে বলে মন্তব্য করেন তিনি।
সরকার কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
এর আগে শনিবার সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সড়কপথে পিএমখালী এলাকায় গিয়ে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
