রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১০টি জেলায় অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ মার্চ) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়ের কারণে নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। তাপমাত্রার দিক থেকে রাঙামাটি ও ফেনীতে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।
