দেশজুড়ে আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপনকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে এই আনন্দঘন দিনে আবহাওয়া কিছুটা বিরূপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঈদের দিন দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে কিছু এলাকায় স্বস্তি ফিরতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফেনীতে ৭৮ মিলিমিটার, চট্টগ্রামে ৫৮ মিলিমিটার, ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার এবং ফরিদপুরে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও মোংলায়। আবহাওয়াবিদরা বলছেন, ঈদের পরও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
২৯ মে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ মে বৃষ্টিপাত কিছুটা কমলেও দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ৩১ মে উপকূলীয় এলাকায় আবারও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে পূর্বমধ্য বঙ্গোপসাগরে আগামী পাঁচ দিনের মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে ঈদ ও পরবর্তী কয়েকদিন দেশের আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
