মেক্সিকোর ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের শিকড়কে তুলে ধরা বর্ণাঢ্য নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে শুরু হওয়া এই আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা। তাঁর জনপ্রিয় গান ও মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকরা মেতে ওঠেন উৎসবের আমেজে। খেলোয়াড়দের প্রতি শুভকামনা ও সমর্থন জানাতেও মাঠে উপস্থিত রয়েছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে যোগ দেন গায়িকা ইজে, যিনি নিজের পরিবেশনায় অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বিশেষ এই উপলক্ষে তিন দেশেই পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হচ্ছে বর্ণিল উদ্বোধনী আয়োজন। এর মধ্যে ‘প্রাসাদের নগরী’ খ্যাত মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম বিশ্বকাপের মূল উদ্বোধনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
উদ্বোধনী উৎসব শেষে বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এই ম্যাচের দিকে।
