২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতা বিরাজ করছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্পেন। তবে বিরতিতে যাওয়ার আগে দুর্দান্ত এক হেডে সমতায় ফেরে বেলজিয়াম।
ম্যাচের ৩০ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। দানি ওলমোর আক্রমণ থেকে নেওয়া শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রথমে ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন রুইজ। এরপর ৩৬ মিনিটে লামিনে ইয়ামালের শক্তিশালী ফ্রি-কিকও দারুণ দক্ষতায় রুখে দেন কোর্তোয়া।
তবে ৪০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। ডান প্রান্ত থেকে টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রসে স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে ফাঁকি দিয়ে অসাধারণ হেডে গোল করেন চার্লস ডি কেটেইলারা।
এই গোলের মাধ্যমে শুধু ম্যাচেই সমতা ফেরেনি, ভেঙে গেছে স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগও। এবারের বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় কোনো গোল না খাওয়া স্পেন অবশেষে বেলজিয়ামের আক্রমণে গোল হজম করে।
প্রথমার্ধে স্পেন ৬৪ শতাংশ বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালালেও বেলজিয়াম ৩৬ শতাংশ বল দখল নিয়েই কার্যকর কাউন্টার অ্যাটাকে গোল আদায় করে নেয়। ফলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দ্বিতীয়ার্ধে দুই দলের লড়াই আরও উত্তেজনাপূর্ণ হওয়ার আভাস মিলছে।
