আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে জয়ের পথটা ভুলে গেল রেয়াল মাদ্রিদ। ধারহীন পারফরম্যান্সে হেরে বসল দুর্বল মায়োর্কার বিপক্ষে। তবে ঠাসা সূচিতে মন খারাপ করে থাকার সময় খুব একটা নেই। সামনেই যে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচ। এই হতাশা চাপা দিয়ে তাই খেলোয়াড়দের বায়ার্ন মিউনিখের বিপক্ষে আসছে লড়াইয়ে নজর দিতে বললেন রেয়াল কোচ আলভারো আরবেলোয়া।
মায়োর্কার মাঠে শনিবার লা লিগার ম্যাচে পজেশন রাখায় ও আক্রমণে আধিপত্য করেও ২-১ গোলে হারে রেয়াল।
প্রায় পুরোটা সময় প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও, খুব বেশি নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। এমবাপে, ব্রাহিম দিয়াস এবং পরে বদলি নামা ভিনিসিউস, কেউ পাননি জালের দেখা।
মানু মর্লানেসের গোলে পিছিয়ে পড়া দলকে শেষ দিকে কিছুক্ষণের জন্য সমতার স্বস্বি এনে দেন এদের মিলিতাও। যদিও তিন মিনিটের মধ্যে আবার গোল খেয়ে হেরে যায় রেয়াল। তাদের জালে দ্বিতীয় গোলটি করেন ভেদাত মুরিকি।
রেয়ালের দুই গোল হজমের প্রতিটি ক্ষেত্রেই তাদের রক্ষণের দুর্বলতা ছিল স্পষ্ট। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোনো খেলোয়াড়কে কাঠগড়ায় তুললেন না আরবেলোয়। নিজেই দায় নিলেন।
“এই পরাজয়ের দায় আমার, পুরোপুরি আমার। আমিই সব সিদ্ধান্ত নিয়েছি, দল গড়েছি আমি, খেলোয়াড় বদলি করেছি আমি, কিভাবে খেলতে হবে তাও আমি ঠিক করেছি। এই হার তাই রেয়াল মাদ্রিদ কোচের।”
বছরের শুরুতে অধারাবাহিক পারফরম্যান্সের পর, সাম্প্রতিক সময়ে যেন ছন্দ খুঁজে পেয়েছিল রেয়াল। তাদের পারফরম্যান্সে এর ছাপও ছিল। আগের পাঁচটি ম্যাচেই জিতেছিল তারা। সেই তারাই পয়েন্ট টেবিলের নিচের দিকের দলের বিপক্ষে পথ হারিয়ে ফেলল।
চলতি লিগে রেয়ালের এটা পঞ্চম হার। এতে শিরোপা লড়াইয়েও বেশ পিছিয়ে পড়ল তারা। ৩০ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রেয়াল, ঘরের মাঠে। এরপর আগামী শুক্রবার লা লিগায় জিরোনার বিপক্ষে খেলবে তারা, এবং এর চার দিন পর দ্বিতীয় লেগে খেলবে বায়ার্নের মাঠে।
দলকে তাই মায়োর্কা ম্যাচের ফল ভুলে বায়ার্নে মন দিতে বললেন আরবেলোয়া।
“খেলোয়াড়দের কাছে এখন আমার চাওয়া, তারা যেন মঙ্গলবারের ম্যাচ নিয়ে এখনই ভাবতে শুরু করে। লকার রুম বেরিয়ে যাওয়া মাত্রই তাদের জন্য এই ম্যাচ শেষ। আমি চাই, খেলোয়াড়রা যেন বিশ্বাস করে যে তারা মঙ্গলবারের ম্যাচ জিতবে, এটা চ্যাম্পিয়ন্স লিগের খুব গুরুত্বপূর্ণ লড়াই। এই প্রতিযোগিতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।”
তথ্য সূত্র বিডি নিউজ
