মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
No menu items!
বাড়িরাজনীতিপ্রথম ২৮ দিনেই ২৮ পদক্ষেপ: তারেক রহমানের নেতৃত্বে দ্রুত অগ্রযাত্রার দাবি

প্রথম ২৮ দিনেই ২৮ পদক্ষেপ: তারেক রহমানের নেতৃত্বে দ্রুত অগ্রযাত্রার দাবি

আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর প্রথম ২৮ দিনেই সরকার বিভিন্ন খাতে ২৮টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এসব উদ্যোগ সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন।
পোস্ট অনুযায়ী, সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে ৩৭ হাজারের বেশি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ধর্মীয় সেবকদের জন্য সম্মানী চালু, ঈদ উপলক্ষে ত্রাণ ও উপহার বিতরণ এবং প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি খাতে কৃষক কার্ড প্রদান ও ঋণ মওকুফের পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, যা সেচব্যবস্থা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে বলে জানানো হয়।
প্রশাসনিক সংস্কারে সাপ্তাহিক অফিস কার্যক্রম জোরদার, ভিভিআইপি প্রটোকল কমানো এবং এমপিদের বিশেষ সুবিধা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতিতে বাজার মনিটরিং, শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিতকরণ, বিদেশি বিনিয়োগ সহজীকরণ এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা খাতে পুনর্ভর্তি ফি বাতিল, বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা এবং শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যসেবায় ই-হেলথ কার্ড চালু ও বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জাতীয় পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তায় ‘পিংক বাস’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যুৎ সাশ্রয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশেষ দিবস ঘোষণার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া বিমানবন্দর উন্নয়ন, তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ এবং বিভিন্ন বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।
মাহদী আমিন তার পোস্টে বলেন, সরকার গঠনের প্রথম ২৮ দিনের এই পদক্ষেপগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তার নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ