মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধনেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

গাজীপুরের শ্রীপুর উপজেলা-এর রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় নেসলে কারখানার সামনে শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজনের হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ছিল। ধাওয়া–পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সরে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম এবং গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর সিকদার ও জনিসহ তারা চারজন কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক সরবরাহের কাজ করছেন। মঙ্গলবার শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে সালাউদ্দিন সরকারের লোকজন এসে বাধা দেয়। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে তাদের চারজন শ্রমিক আহত হন।
তবে সালাউদ্দিন সরকার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার ছেলে মো. মাসুম সরকারের সঙ্গে Nestlé কোম্পানির লিখিত চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী দীর্ঘদিন ধরে তারা শ্রমিক সরবরাহ করে আসছেন। কিন্তু মঙ্গলবার হঠাৎ নজরুল ইসলামের লোকজন এসে এই কাজে বাধা দেয় এবং জোরপূর্বক শ্রমিক সরবরাহের চেষ্টা করে। একপর্যায়ে নজরুল ইসলামের লোকজন মাসুম সরকারের লোকজনের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নছ মিয়া পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা চলে যায়। নজরুল ইসলাম কিছুদিন ধরেই কোনো চুক্তি না থাকা সত্ত্বেও জোরপূর্বক শ্রমিক সরবরাহের কাজ দখলে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ