গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে আটটি আঞ্চলিক সড়ক সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনি। তার এ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এলাকায় প্রশংসার জোয়ার বইছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক নিজ মাওনা কদমের চৌরাস্তার মোড় সহ ১০ টি আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কে কাদা-পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছাত। প্রায়ই ঘটত ছোট-বড় দুর্ঘটনাও। দীর্ঘদিনেও সরকারি কোনো উদ্যোগ না থাকায় স্থানীয় মানুষের ভোগান্তি বাড়ছিল।
এ অবস্থায় কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কদমের মোড় রাস্তা এবং গাজীপুর বাজার থেকে নিজ মাওনা মাক্কির মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের সংস্কার কাজের উদ্যোগ নেন বিএনপি নেতা এনামুল হক মনি। বর্তমানে সংস্কার কাজ শেষ হওয়ায় হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।
শুধু কদমের চৌরাস্তা নয়, আমড়াচালা মসজিদ মোড় এলাকার বেহাল রাস্তাটিও নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছেন তিনি। এতে মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের চলাচল এখন অনেক সহজ ও নিরাপদ হয়েছে।
সড়ক সংস্কারের পাশাপাশি গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে বিভিন্ন স্থানে টিউবওয়েল ও মোটর স্থাপন করেছেন এনামুল হক মনি। এছাড়াও অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা ও জরুরি প্রয়োজনে নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় অটোরিকশা চালক জসিম বলেন,
“আগে কদমের মোড় দিয়ে চলাচল করতে খুব কষ্ট হতো। বৃষ্টি হলেই রাস্তা কর্দমাক্ত হয়ে যেত। এখন রাস্তা সংস্কার হওয়ায় আমরা অনেক স্বস্তিতে চলাচল করতে পারছি।”
স্থানীয় বাসিন্দারা জানান,
“একজন জনবান্ধব নেতাই জনপ্রতিনিধি হওয়া উচিত। এনামুল হক মনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। আগামীতে আমরা তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”
সরেজমিনে গাজীপুর ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়ক ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন অবহেলিত ও সংস্কারবিহীন থাকা বেশ কয়েকটি সড়ক সম্প্রতি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিগত সময়ে যেসব সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেগুলো এখন নিজস্ব অর্থায়নে সংস্কার করে সাধারণ মানুষের চলাচল সহজ করেছেন এনামুল হক মনি।
এ বিষয়ে এনামুল হক মনি বলেন,
“রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। মানুষের কষ্ট দেখে চুপ করে বসে থাকা যায় না। এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই রাস্তা সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
এলাকাবাসীর মতে, সরকারি সহায়তার অপেক্ষা না করে একজন রাজনৈতিক নেতার এমন স্বতঃস্ফূর্ত জনসেবামূলক উদ্যোগ সমাজের অন্য বিত্তবান ও জনপ্রতিনিধিদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।
