শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় বিপুল ভোটে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।
বিজয়ের প্রতিক্রিয়ায় মাহমুদুল হক রুবেল বলেন, “এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। আমার বাবা এমপি ছিলেন, আমিও ছিলাম। সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষ সেই ভালোবাসার প্রতিদান ভোটের মাধ্যমে দিয়েছে।” তিনি শ্রীবরদী ও ঝিনাইগাতীর ভোটারদের ধন্যবাদ জানিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ১২৮টি কেন্দ্র ও পোস্টাল ভোট মিলিয়ে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট ১২৮টি ভোটকেন্দ্র ও ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি, যা মোট ভোটারের ৫২ দশমিক ১৯ শতাংশ।মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল ভোট ২ হাজার ৮৬টি। পোস্টাল ভোটের জন্য আবেদন করেছিলেন ৩ হাজার ৫৭৪ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৯ জন।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনটি স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
