বিভিন্ন দেশের উন্নয়নের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “ওখানে কি জিন-ভূত এসে দেশ বানিয়েছে? মানুষের চেষ্টাতেই দেশ গড়ে উঠেছে। তারা পারলে আমরাও পারব।”
সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সকালে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে অনুষ্ঠানে যোগ দেন তিনি। পানিসম্পদ মন্ত্রণালয় ও জেলা বিএনপির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে খালের পাড়ে একটি নিমগাছের চারা রোপণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে—এই বিশ্বাস থেকেই কৃষি ও গ্রামীণ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনর্খনন হলে ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। প্রায় ১,২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে বছরে প্রায় ৬০ হাজার টন অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের বৃহৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনর্খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৫৩টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।
খাল খননের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় পানি ধরে রাখা যায় না এবং শুষ্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়। এই প্রকল্পের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে।
তিনি আরও জানান, সাহাপাড়া খালের পাড়ে প্রায় ৭ হাজার গাছ লাগানো হবে এবং মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
কৃষকদের সহায়তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকায় কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বিকেলে প্রধানমন্ত্রী দিনাজপুর সদরে শেখ ফরিদপুর গোরস্তানে তাঁর আত্মীয়দের কবর জিয়ারত করেন।
একই দিনে বরিশাল, কুমিল্লা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।
